মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা–মিশর ম্যাচ দেখার সময় বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সাত সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে প্রক্টরিয়াল কমিটি ও সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গত ৭ জুলাই রাতে আর্জেন্টিনা–মিশর ম্যাচ দেখাকে কেন্দ্র করে পরিসংখ্যান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায় নিরূপণের জন্যই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। পরে এক সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রক্টর, সহকারী প্রক্টর এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা মাঠে থেকে রাতভর কাজ করেন। বিভিন্ন বিভাগের শিক্ষকও পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করেন।
সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুসসহ অন্তত ১০ জন আহত হন। আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর আহত একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় প্রথম একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঘটনার পর বুধবার ভোর প্রায় ৩টার দিকে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, সহকারী প্রক্টরবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় তাঁরা আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়।
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









