চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শাহজালাল হলের ডাইনিংয়ের খাবারে এক নারীর ছবিযুক্ত স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে খাবারের প্লেটে থাকা স্টিকারের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র হৃদয় মিয়া জানান, দুপুরে শাহজালাল হলের ডাইনিংয়ে খাবার খাওয়ার একপর্যায়ে মাছের বাটি প্লেটে ঢালার সময় একটি প্লাস্টিকের স্টিকার দেখতে পান। স্টিকারটিতে নকশা করা এক নারীর ছবি ছিল এবং নিচে লেখা ছিল ‘মেথির পুষ্টি সমৃদ্ধ’।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ডাইনিং ম্যানেজারকে জানালে তিনি দাবি করেন, ‘‘রান্নার জন্য আনা ম্যাজিক মসলার প্যাকেট থেকে অসাবধানতাবশত স্টিকারটি খাবারে চলে এসেছে।’’
হলের খাবারের এমন নিম্নমান ও অসচেতনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘‘হলের ডাইনিংয়ের খাবারে এ ধরনের জিনিস পাওয়া অত্যন্ত দুঃখজনক। এটি খাবার প্রস্তুত ও পরিবেশনে চরম অবহেলার প্রমাণ। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।’’
এ বিষয়ে শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, ‘‘বিষয়টি আমাদের নজরে এসেছে। খাবারের মান নিয়ে দীর্ঘদিন অভিযোগ থাকায় আমরা এর আগেই পুরোনো ম্যানেজারকে বাদ দিয়ে নতুন ম্যানেজার নিয়োগ দিয়েছিলাম। এই ঘটনার পর রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সাথে বসে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
যোগাযোগ করা হলে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি ক্যাম্পাসে ছিলেন না এবং হল সংসদ থেকেও তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









