চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে বাসায় যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে ট্রেনে উঠছিলেন ওই শিক্ষার্থী। এ সময় স্টেশনের একটি দোকানের এক কর্মচারী তার বুকে আপত্তিকরভাবে স্পর্শ করে পালিয়ে দোকানে গিয়ে আশ্রয় নেয়।
এ ঘটনা দেখে ভুক্তভোগীর সহপাঠীরা অভিযুক্তকে ধরতে গেলে দোকানের মালিক তাকে পালিয়ে যেতে সহায়তা করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আনা হলে প্রক্টর বলেন, “আমাদের শিক্ষার্থীর সঙ্গে যা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। যে এই কাজ করেছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরো জানান, “ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকায় অবৈধভাবে পরিচালিত সব দোকান ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনের অনুমতি ছাড়া স্টেশন এলাকায় কোনো ধরনের ব্যবসা পরিচালনা করা যাবে না বলেও জানানো হয়েছে।”
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









