পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিআরএফ ইয়ুথ ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজিত এ কর্মসূচিতে নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের ব্যবহৃত ও অব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করেন। পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোবায়েত হোসেন বলেন, “আজকের এই উদ্যোগে অংশ নিতে পেরে সত্যিই অনেক ভালো লেগেছে। প্লাস্টিকের মতো পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্যের বিনিময়ে একটি গাছ পাওয়া শুধু একটি গাছ গ্রহণ নয়, বরং পরিবেশ রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার প্রতীক। এমন ব্যতিক্রমী আয়োজন আমাদের সবাইকে আরও সচেতন হতে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।”
এমন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য বিআরএফকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। এবং ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলে আশা রাখেন তিনি।
বিআরএফ ইয়ুথ ক্লাবের কুবি শাখার আহ্বায়ক নাজমুল হোসেন হৃদয় বলেন, “এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ দূষণকারী প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করা। অংশগ্রহণকারীরা নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা সংগ্রহ করেছেন। এর মাধ্যমে একদিকে যেমন প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হয়েছে, অন্যদিকে ক্যাম্পাসকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলার প্রত্যয়ও আরও দৃঢ় হয়েছে।”
প্রসঙ্গত, বিআরএফ ইয়ুথ ক্লাব একটি সেবামূলক সামাজিক সংগঠন। সংগঠনটি সারাদেশে শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক চর্চা, জনসেবা, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









