বরগুনার বেতাগীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. শাহজাহান কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জলিলুর রহমান খান নান্না, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি আবদুস সালাম সিদ্দিকী, সাংবাদিক মো. কামাল খান, উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোতালেব সিকদার এবং বেতাগী থানার ওসি (তদন্ত) মো. সাইফুউজ্জামান।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটির সুদূরপ্রসারী গুরুত্ব তুলে ধরেন। এ সময় তাঁরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র সুদৃঢ়করণ এবং জাতীয় ঐক্য বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, দিবসটির অংশ হিসেবে বিকেলে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









