বর্ণাঢ্য র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোলা জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৭ নভেম্বর ) সকালে ভোলা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ ট্রুম্যান, হুমায়ুন কবীর সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, আব্দুর রব আকন, বশীর হাওলাদার, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন এবং ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এর আগে শনিবার সকাল ৬টায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, "৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এ দিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর দেশপ্রেম, বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসিকতা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে।"
সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সব ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়ে বক্তারা ৭ নভেম্বরের চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, জেলা বিএনপির পাশাপাশি জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ভোলা জেলা ও এর বিভিন্ন উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









