নাটোরের সিংড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর ) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাগৃহে (হলরুম) এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। আলোচনা সভা শেষে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু।
এছাড়াও স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন এবং উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, জাতীয় ঐক্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









