রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারিসহ সার্বিক সহযোগিতা চেয়ে তাজহাট থানায় চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় রংপুর মহানগর ছাত্রদল শহীদ আবু সাঈদ চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। অন্যদিকে বিকেল সাড়ে পাঁচটায় রংপুর মহানগর ছাত্রশিবির লালবাগ থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল নিয়ে একই জায়গায় সমবেত হওয়ার কর্মসূচি দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডাক্তার ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক চিটিতে উল্লেখ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত ৩ আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ৫ জন শিক্ষার্থী গুরুতর আহতসহ আরও ২০ জন শিক্ষার্থী আহত হওয়ায় তারা রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে আজ ৪ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’র প্রধান গেইটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই জায়গায় বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশের ডাক দেওয়ায়, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। তাই উক্ত সময়ে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে ১৪৪ ধারা জারিসহ সার্বিক সহযোগিতা প্রয়োজন।
অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে বহিরাগত দর্শনার্থীসহ সকল প্রকার যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।
১৪৪ ধারা জারি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান বলেন, ‘‘ছাত্রদল ও শিবির একই জায়গায় সমাবেশের ডাক দেওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবেশকে শান্ত স্থিতিশীল রাখার জন্য ১৪৪ ধারা জারির ব্যবস্থা নিয়েছি।’’
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই রাশেদ বলেন, ‘‘১৪৪ ধারা জারির জন্য আবেদন জানানো হয়েছে। সেটি রংপুর মেট্রোপলিটন কমিশনারের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত হবে ১৪৪ ধারা জারি করা হবে কি না।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









