বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
রবিবার (৯ আগস্ট) বিকেলে দপদপিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালীগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন মাহিন্দ্রচালক বাকেরগঞ্জের আসাদুল (৪৫), বেতাগীর মামুন রেজা (৩৮), অজ্ঞাতনামা এক ব্যক্তি (২৩) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, “সর্বশেষ তথ্যমতে একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









