নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে। এ সময় ফাঁকা গুলি ছুড়ে তারা পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক সুমন ও ছাত্রনেতার মোটরসাইকেলচালক রিদয় জানান, হেলমেট ও মাস্ক পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে শাকিলের ওপর হামলা চালান। তাদের একজনের হাতে পিস্তল ও অন্যজনের হাতে চাপাতি ছিল।
হামলাকারীদের একজন মোটাসোটা এবং অন্যজন পাতলা গড়নের। প্রাণ বাঁচাতে শাকিল দৌড়ে শাহিদা জলিল প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি কচুরিপানাপূর্ণ গর্তে ঝাপ দেন। সেখানেও তাকে কুপিয়ে একপর্যায়ে একজনকে ধরলেও ফাকা গুলি ছুড়ে দ্রুত হাওয়া বাজারের রাস্তা দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা আহত শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুজ্জামান রুবেল জানান, শাকিলের দুই হাত ও দুই পায়ের বিভিন্ন গিটে গুরুতর আঘাত রয়েছে। তার শরীরে একাধিক সেলাই দিতে হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আবদুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে তাকে দেখতে যান।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় চাচঁকৈড় এলাকার রঞ্জু নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









