জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিকেলে খেলার মাঠে খেলা চলাকালে কথা-কাটাকাটি থেকে বিরোধের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় সংঘর্ষ ঘটে। সংঘর্ষের শেষ পর্যায়ে নতুন কলা ভবনের নিচে মারধরের শিকার হন ইংরেজি, লোকপ্রশাসন ও চারুকলা বিভাগের চার শিক্ষার্থী।
গুরুতর আহত অবস্থায় ওই চার শিক্ষার্থীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া সংঘর্ষে আহত ব্যবস্থাপনা বিভাগের অন্য এক শিক্ষার্থীকে ত্রিশাল মেডিকেল সেন্টারে (টিএমসি) ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বিশ্ববিদ্যালয়স্থ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, সংঘর্ষে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কী নিয়ে ঘটনার সূত্রপাত, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বর্তমানে ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনী কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









