রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে দেশের অন্য বিভাগীয় শহরে উপকেন্দ্রের পাশাপাশি সিলেট ও ময়মনসিংহ অঞ্চলকে নতুন উপকেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন আগামী ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।
রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকালে প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে ভর্তি পরীক্ষা শুরু করার প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক সূচি অনুযায়ী আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার্থীদের যাতায়াত ও অবস্থানগত ভোগান্তি কমাতে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম আঞ্চলিক উপকেন্দ্রের পাশাপাশি সিলেট ও ময়মনসিংহ যুক্ত হয়েছে। ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে যা ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









