বিগত সরকার শিক্ষার মান উন্নয়নে নজর না দিয়ে শিক্ষাখাতকে বাণিজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টাঙ্গাইলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দিয়েছে, যোগ্যতার ভিত্তিতে নয়। শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করে শিক্ষক নিয়োগের নামে ১০ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি।
শিক্ষকদের উদ্দেশে টুকু বলেন, শিক্ষা একটি আদর্শিক পেশা, আর শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের দলীয় পরিচয়ের পরিবর্তে কর্মকে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শামীম আল মামুন ও মোহাম্মদ আকতার হোসেন, বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভায় শিক্ষার মান, বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিয়ে আলোচনা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের শ্রী শ্রী কালীবাড়িতে সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিজের অর্থায়নে তাদের মধ্যে পূজার উপহারসামগ্রী বিতরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









