ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুর এলাকায় পাথরবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।
শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। যানজট ছড়িয়ে পড়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার পর্যন্ত। শুক্রবার দুপুর একটা পর্যন্ত যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।
দীর্ঘ সময় বাস আটকে থাকায় দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। যানজটের কারণে বিভিন্ন শিল্পকারখানার অনেক শ্রমিক যানবাহন ছেড়ে হেঁটে কর্মস্থলে যান।
বাসচালক বিন্দু দাশসহ কয়েকজন চালক বলেন, বিশ্বরোড থেকে মাধবপুরের শাহজিবাজার ও অলিপুর গেট পর্যন্ত প্রায়ই যানজট হয়। প্রায় চার বছর আগে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ শুরু হলেও এর অগ্রগতি নিয়ে তাঁদের অসন্তোষ রয়েছে। সড়কের ভাঙাচোরা অবস্থা ও নির্মাণকাজের কারণেও যানজট হচ্ছে।
মাধবপুর থানার ট্রাফিক সার্জেন্ট প্রিন্স বলেন, ইসলামপুরে দুর্ঘটনার প্রভাব মাধবপুর অংশেও পড়েছে। চলমান উন্নয়নকাজের কারণে আগে থেকেই যান চলাচলে বিঘ্ন ঘটছিল।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে যানজট কমতে শুরু করে। তবে এরপরও মহাসড়কের দুই পাশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









