জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, এককালীন অনুদানের দাবি জানিয়েছেন পাবনার চাটমোহরের পরিবেশবাদীরা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে ‘চলনবিল রক্ষায় আমরা’ ও ‘ধরিত্রী রক্ষায় আমরা’ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
চাটমোহর প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও পরিবেশবাদী সংগঠক জাহাঙ্গীর আলম মধুসহ অন্যরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী জনগোষ্ঠীই বেশি ক্ষতির শিকার হচ্ছে। এ ক্ষয়ক্ষতির ন্যায্য প্রতিকার নিশ্চিত করতে ঋণভিত্তিক সহায়তার পরিবর্তে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীকে এককালীন অনুদান দিতে হবে।
তারা জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ও দায়িত্বশীল পক্ষগুলোর কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









