ডিব্বা টেকনিশিয়ানদের মব সন্ত্রাস এবং সরকারি কমিটির শান্তিপূর্ণ আলোচনায় গৃহীত সিদ্ধান্তে বারবার হস্তক্ষেপ ও প্রকৌশলীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রকৌশলীদের পেশাগত অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা ‘বৈষম্যের বিরুদ্ধে, লড়াই হবে একসাথে’, ‘জাতীয় প্রকৌশলী সম্মেলন, সফল হোক সফল হোক’ এবং ‘মেধার সাথে প্রহসন, মানি না মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া রাফিদ বলেন, “আমাদের প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিতে হবে। আমাদের তিনটি প্রধান দাবি রয়েছে। প্রথমত, ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমমানের পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। এমনকি অন্য কোনো নামে সমমানের পদ সৃষ্টি করেও পদোন্নতি দেওয়া যাবে না। দ্বিতীয়ত, টেকনিক্যাল ১০ম গ্রেড, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সমমানের পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি—উভয় ডিগ্রিধারীই পরীক্ষায় অংশ নিতে পারবেন। তৃতীয়ত, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পরিচয় ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।”
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিউল আলিম বলেন, “আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে টেকনিশিয়ান ও ডিপ্লোমাধারীদের বসিয়ে রাখা হয়েছে। দেশের বিভিন্ন খাতে দুরবস্থার জন্য প্রকৌশলীদের নানা ধরনের দোষারোপ করা হয়। অথচ অনেক ক্ষেত্রেই প্রকৌশলীদের দায়িত্বের জায়গায় টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “ইঞ্জিনিয়ারিংয়ে তাত্ত্বিক জ্ঞান, চিন্তা ও বিশ্লেষণী দক্ষতার প্রয়োজন রয়েছে। দেশের বিদ্যুৎ, সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে দক্ষ প্রকৌশলীর প্রয়োজন রয়েছে। যেমন দেশের জন্য চিকিৎসক প্রয়োজন, তেমনি প্রকৌশলীরও প্রয়োজন রয়েছে।”
সমাবেশে প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









