সিলেট নগরের পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিবগঞ্জ এলাকা থেকে একজনের এবং বুধবার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে অপর ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে নগরের শিবগঞ্জ মজুমদারপাড়া এলাকা থেকে তুহিন (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার থানাবাজার মুমিনপুর এলাকার আব্দুল মালিকের ছেলে।
পুলিশ জানায়, তুহিনের স্ত্রী উপশহর সাদারপাড়া এলাকা থেকে বাসায় ফিরে ঘরের ভেতর তার স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে শাহপরাণ (রহ.) থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেল ব্যবস্থা নেব।
অপরদিকে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে দুলাল মিয়া (৪৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ জানায়, কদমতলী বাস টার্মিনাল এলাকায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুলাল মিয়া অসুস্থ হয়ে মারা গেছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









