বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের দিন থেকে এক বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন কাদের গনি চৌধুরী।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনের সময় তাকে অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকা যাবে না। একই সঙ্গে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্কও ত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









