রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী-সন্তানসহ চারজন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম কাজী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচিতে বসেন ফাহিম। তিনি প্রায় সাড়ে ৩ ঘণ্টা এ কর্মসূচি পালন করেন।
এ সময় তিনি সরকারকে রংপুরের গণপতি পরিবারের হত্যার সঠিক কারণ উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, মাদক, ধর্ষণ ও হত্যার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর নীতি প্রয়োগ করা, রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করা এবং সন্ত্রাস, কিশোর গ্যাং, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করার দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে ফাহিম কাজী বলেন, ‘‘গত ২০ আগস্ট রংপুরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর পরিবারের ওপর যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, এর সঠিক কারণ উদ্ঘাটন করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এখনো ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারেনি। সময় যত যাচ্ছে, এ বিষয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। আমরা চাই, ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটন করে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করা হোক।’’
তিনি বলেন, ‘‘সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধর্ষণ, হত্যা, কিশোর গ্যাং ও মাদকের বিস্তারের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এসব অপরাধ দ্রুত নির্মূল করতে কার্যকর অভিযান পরিচালনা করা প্রয়োজন।’’
রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গে ফাহিম বলেন, ‘‘সরকার এক মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার আশ্বাস দিয়েছিল। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও এখনো বিচার সম্পন্ন হয়নি। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার চাই।’’
তিনি আরও বলেন, ‘‘গণপতি চক্রবর্তীর পরিবারের হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং, ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









