গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধের পর সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিক মোজাম্মেল ও তরিকুল আলী আজম জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন। বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এর পরিবর্তে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা এবং বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। তবে শ্রমিকরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যান। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়। তবে তারা অবরোধ অব্যাহত রাখেন। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









