বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ৬-৭টি কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
বৃহস্পতিবার ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ১০টা থেকে আজমপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অফিসের ব্যস্ত সময়ে সড়ক অবরোধের কারণে আশপাশের রাস্তায় যানজট তৈরি হয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সমাধান পাননি তারা। এ কারণে বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সড়ক থেকে সরে যাননি।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে বিমানবন্দর গোলচত্বরে সড়ক অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছিলেন পোশাকশ্রমিকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









