ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক নেতাকে থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে দিনভর ছাত্রদল ও ছাত্রশিবিরের উত্তেজনার পর রাতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আগামী তিন মাসের জন্য ২৮ সদস্যের এক আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে মেহেদী হাসান হাফিজকে আহ্বায়ক এবং ২৭ জনকে যুগ্ম-আহ্বায়ক করে ৩ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত কমিটির মেয়াদ শেষে সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক সক্রিয়তা বিবেচনায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এর আগে শনিবার দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় মারার অভিযোগকে কেন্দ্র করে দিনভর রক্তক্ষয়ী উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযুক্ত আলীনুর রহমান শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ভুক্তভোগী কাজী জুহায়ের শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি।
ভুক্তভোগী কাজী জুহায়েরের অভিযোগ, পরীক্ষা শেষে ক্রাচে ভর দিয়ে হলে ফেরার পথে আলীনুর হঠাৎ এসে তাকে চড়-থাপ্পড় মারেন।
অন্যদিকে অভিযুক্ত আলীনুর বলেন, সামান্য বাকবিতণ্ডার জেরে তিনি থাপ্পড় দিয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে হলের ২১৭ নম্বর কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তিতে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান আহত হন। পরবর্তীতে প্রধান ফটক ও বিভিন্ন পকেট গেটে দেশীয় অস্ত্রসহ দুই পক্ষের মুখোমুখি অবস্থান, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শোডাউনে পুরো ক্যাম্পাস জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয় এবং রাত ৯টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
এছাড়া হল কর্তৃপক্ষ পৃথক একটি ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান জানান, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং বহিরাগতদের প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দিনভর ছাত্রদল ও শিবিরের এমন মুখোমুখি সংঘর্ষের ঘটনার পর গভীর রাতে ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশের ঘটনাটি ক্যাম্পাস জুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









