পটুয়াখালীর দশমিনা উপজেলায় গরু চুরির অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যায় বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়।
শনিবার (৫সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন,দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লিটু মিয়ার ছেলে শাকিল এবং একই এলাকার মৃত খালেক গাজীর ছেলে মনির।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা মিশুক গাড়িটি থামিয়ে গরুটির মালিকানা ও তাদের পরিচয় জানতে চান। এ সময় তিনজনের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করে শাকিল ও মনিরকে আটক করেন। পরে দশমিনা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মমিন মাস্টার বলেন, ‘আমাদের গ্রামে কিছুদিন ধরে গরু চুরির প্রবণতা বেড়েছে। তাই এলাকার লোকজন কোনো সন্দেহজনক গাড়ি বা ব্যক্তিকে দেখলে জিজ্ঞাসাবাদ করেন। শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে একটি মিশুক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে আমার সন্দেহ হয়। পরে কয়েকজনকে খবর দিয়ে আমি আড়ালে অবস্থান করি। কিছুক্ষণ পর তিনজন লোক আমাদের বাড়ির দিক থেকে একটি গরু নিয়ে এসে মিশুক গাড়িতে তোলার চেষ্টা করলে আমরা তাদের আটক করার চেষ্টা করি। দুজনকে আটক করতে পারলেও একজন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিয়ে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরও বলেন, আটক দুজন যাদের নাম বলেছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। কারণ, গরু চুরির কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আটক শাকিলের দাবি, তিনি দশমিনা সদর পূজাখোলা এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জাহাঙ্গীর, রিপন, সাগর ও মনির তাকে একটি গরু আনতে যাওয়ার কথা বলেন। পরে তিনি মিশুক গাড়ি নিয়ে তাদের সঙ্গে বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে যান। গরুটি কার, তা তিনি জানতেন না বলে দাবি করেন। পরে স্থানীয়রা তাদের আটক করলে জাহাঙ্গীর, সাগর ও রিপন পালিয়ে যান।
অপর আটক মনির জানান, তিনি মাছের ব্যবসা করেন। তার প্রতিবেশী জাহাঙ্গীর এসে একটি গরু আনতে যাওয়ার কথা বলেন। পরে তিনি শাকিল, জাহাঙ্গীর, সাগর ও রিপনের সঙ্গে মিশুক গাড়িতে করে বগুড়া গ্রামে যান। তার দাবি, জাহাঙ্গীর, সাগর ও রিপন একটি বাড়ির গোয়ালঘর থেকে গরু এনে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয়রা তাকে ও শাকিলকে আটক করেন। এ সময় জাহাঙ্গীর, সাগর ও রিপন পালিয়ে যান।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক দুইজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









