রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে হেলিকপ্টারে রওয়ানা হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবন থেকে রওয়ানা দেন তিনি। বঙ্গভবন প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টারে অবতরণের পর জেলা সার্কিট হাউসে যাবেন রাষ্ট্রপতি। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। দুদিনের সফর শেষে আগামী ৭ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের নিরাপত্তাব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









