জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনের তারিখ নির্ধারণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠানটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গৃহিত প্রস্তুতির বিষয়গুলো রাষ্ট্রপতির সামনে তুলে ধরা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সমাবর্তন সফল করতে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো পর্যায়ক্রমে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাওয়ায় বর্তমান ও সাবেক গ্র্যাজুয়েটদের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









