রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা এবং নির্বাচিত ছাত্র সিনেট প্রতিনিধিদের শপথ ও সিনেট অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও নির্বাচিত সিনেট সদস্য সালাহউদ্দিন আম্মার।
রবিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।
সালাহউদ্দিন আম্মার বলেন, দ্রুত নির্বাচন কমিশন গঠন করে পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। একই সঙ্গে নির্বাচিত সিনেট ছাত্র প্রতিনিধিদের শপথ ও সিনেট অধিবেশন আয়োজন করতে হবে। প্রশাসন এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নিলে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে যাওয়ার প্রয়োজন হতে পারে।
তিনি অভিযোগ করেন, রাকসুর ষষ্ঠ অধিবেশনে পরবর্তী নির্বাচনসংক্রান্ত কার্যক্রম তদারকির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে দেওয়া হলেও পরে তিনি এ দায়িত্ব পালনে নিজের এখতিয়ার নেই বলে জানিয়েছেন। এতে নির্বাচন আয়োজনের দায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভর্তি পরীক্ষার কারণে রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার যৌক্তিকতা নেই উল্লেখ করে আম্মার বলেন, ভর্তি পরীক্ষা ও রাকসু নির্বাচন কমিশনের কার্যক্রম আলাদা। বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত ছিল।
নির্বাচিত ছাত্র সিনেট প্রতিনিধিদের শপথ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের এক বছর পার হলেও প্রশাসন বারবার আশ্বাস দিয়েও শপথের ব্যবস্থা করেনি।
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিদের এক বছরের মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









