একদিন আগেও ঘরে ছিল আনন্দের আবহ। আলিম পরীক্ষায় পাস করায় পরিবারের সদস্যদের মুখে ছিল হাসি, মনে ছিল ছেলেকে ঘিরে নানা স্বপ্ন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। ফল প্রকাশের পরদিনই সড়ক দুর্ঘটনায় নিভে গেল সাকিব ব্যাপারীর (২১) জীবন। যে ঘরে সাফল্যের আনন্দে মিষ্টি বিতরণের কথা ছিল, সেখানে এখন চলছে স্বজন হারানোর মাতম।
রবিবার (১ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকায় বিআরটিসির একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী সাকিব নিহত হন।
সাকিব রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারী বাড়ির আনিছুর রহমানের একমাত্র ছেলে। তিনি লামচরী রায়পুর কারামতিয়া ফাজিল মাদ্রাসা থেকে চলতি বছরের আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব রামগঞ্জের সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউটে কাজ করতেন। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে যান। প্রায় চার ঘণ্টা পর পুলিশ বাসটি আটক করে থানায় নিয়ে যায়।
সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ লোকজন রামগঞ্জের প্রধান সড়কে বিক্ষোভ করেন। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী দুর্ঘটনার খবর পাওয়ার কথা জানিয়ে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









