কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬-এর ঢাকা-দক্ষিণ আঞ্চলিক পর্ব। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ৪০২ নম্বর কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক কমিটির সদস্যরা।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও র্যালির মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আঞ্চলিক পর্যায়ে প্রতিটি অঞ্চল থেকে সেরা ১০ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন। চূড়ান্ত পর্বের সেরাদের মধ্য থেকে জাতীয় পর্যায়ের সেরা ১০ জন নির্বাচন করা হবে। তাদের মধ্য থেকে যোগ্য প্রতিযোগীদের আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হবে।
আয়োজকরা জানান, দেশের আটটি অঞ্চলে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা-দক্ষিণ অঞ্চলের আওতায় ঢাকা মহানগরীর নির্ধারিত কিছু অংশ ছাড়াও মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া রয়েছে। এ অঞ্চলের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টির বেশি বিভাগ থেকে ইতোমধ্যে ১৫০টি আবেদন জমা পড়েছে।
আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ঢাকা-দক্ষিণ অঞ্চলের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গণিত ও গণিতসংশ্লিষ্ট বিভাগগুলোকে এ আয়োজনে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টির বেশি বিভাগ থেকে নিবন্ধন সম্পন্ন হয়েছে।
আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণিতকে সহজভাবে উপলব্ধি করানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের গণিতপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটবে।
উল্লেখ্য, গণিতের চর্চা ও বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিবছর জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









