ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক পদার্থ বহনের পাশাপাশি সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসবে। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আগামী ৮ নভেম্বর (রোববার) রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকাও এর অন্তর্ভুক্ত।
একই সঙ্গে রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত সড়কেও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এ ছাড়া ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিতে এসব বিধিনিষেধ বলবৎ থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









