ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন। এ দিনের তাৎপর্য বুঝতে হলে ’৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। ইতিহাসকে বিচ্ছিন্নভাবে না দেখে তৎকালীন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার আলোকে মূল্যায়নের পাশাপাশি জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ ঘোষণা এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ মুক্তিযুদ্ধের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে উপাচার্য বলেন, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ ও সমর্থন ব্যক্ত করেন। এর ধারাবাহিকতায় ২০১০ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয়। ২০১১ সালে প্রশাসনিক কার্যক্রম এবং ২০১২ সালে একাডেমিক কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয়কে দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় প্রধান আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ। তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দিবসটির গুরুত্ব তুলে ধরেন।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাদেকুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফ উল ইসলাম, উপপ্রধান প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন এবং কর্মচারী প্রতিনিধি মো. হাসানুজ্জামান ও মো. জাকির হোসেন।
এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত ও জ্যেষ্ঠ সহসভাপতি মো. আশিক।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. গাজী মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









