মৌলভীবাজারের কুলাউড়ায় শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর গোস্বামী। সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি ও শিক্ষিকা মিছবুন নাহার বেগম।
সভাপতির বক্তব্যে শশাঙ্ক শেখর গোস্বামী বলেন, ৭ নভেম্বরের বিপ্লব নতুন করে পথ দেখায়। জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য ঐক্য ও সংহতি অত্যন্ত জরুরি। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম নওয়াব আলী আমজদ খানের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মরহুম নওয়াব আলী আনওয়ার খান সাহিদের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুল হান্নান আকন্দ, মোহাম্মদ তফাজ্জল হোসেন ও আনসার আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মুহিত নাঈম এবং গীতা পাঠ করেন শিক্ষক ঠাকুর ধন দাস। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। (ক) বিভাগে প্রথম হয় সৈয়দা তাসনিম জাফরি ইভা, দ্বিতীয় মাহবুবা জান্নাত ও তৃতীয় নুসরাত জান্নাত সাদিয়া। (খ) বিভাগে প্রথম হয় নাদিয়া আক্তার, দ্বিতীয় ইমা বেগম ও তৃতীয় মারুফা জান্নাত ফাতিমা। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









