ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। ধর্মীয় বিশ্বাস ও মতাদর্শ ভিন্ন হলেও সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাজশাহী নগরের সিটি চার্চের হলরুমে ধর্মীয় স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি), রাজশাহী জেলা শাখা এ সভার আয়োজন করে।
মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানসহ নগরীর সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, উন্নত ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে।
সভায় সভাপতিত্ব করেন সিএবির রাজশাহী জেলা শাখার সভাপতি পাস্টর সমর চৌধুরী। এ সময় রাসিক প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সিএবির পবা উপজেলা শাখার সভাপতি বুদ্ধিনাথ হাসদা, নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমি মুর্মু, মাসাউস সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মেরিনা হাসদাসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









