জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা হলের রান্নাঘরে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হলের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক ছাত্রী। পরে তাঁকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অগ্নিকাণ্ড ও শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হলের হাউস টিউটর ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সুমনা আক্তার সুমি।
তিনি জানান, হলের তৃতীয় তলার রান্নাঘরের গ্যাসলাইনের পাইপে লিকেজ থাকায় গ্যাস নির্গত হচ্ছিল। এ সময় এক ছাত্রী রান্না করতে গেলে হঠাৎ সেখানে আগুন ধরে যায়। আগুন দেখে আতঙ্কিত হয়ে ওই ছাত্রী মেঝেতে পড়ে আহত হন।
আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থা সম্পর্কে হাউস টিউটর বলেন, ‘তাঁর কান্নাকাটি দেখে প্রথমে আমরা আশঙ্কা করেছিলাম, হয়তো হাত ভেঙে গেছে। তবে সৌভাগ্যবশত তাঁর হাত ভাঙেনি এবং তিনি গুরুতর আহতও হননি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।’
ঘটনার পরপরই হল প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত গ্যাসলাইনের লিকেজ বন্ধের ব্যবস্থা নেয় বলে জানান তিনি।
এদিকে, অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে হলের প্রাধ্যক্ষ উম্মে ফারহানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক। তবে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি কল কেটে দেন। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









