‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।
সভায় বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম ও সেক্রেটারি মাযহারুল ইসলাম, শহর জামায়াতে ইসলামীর আমীর শরফুদ্দিন খান, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ এবং উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, সমবায় হলো পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে সম্মিলিতভাবে উন্নয়নের একটি কার্যকর পদ্ধতি। এর মাধ্যমে সদস্যরা নিজেদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে সমবায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার পাশাপাশি সমবায়ভিত্তিক উদ্যোগের পরিধি বাড়াতে হবে।
আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









