তিন দিনের সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী ডাচেস অব এডিনবার্গ সোফি। সফরকালে তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় অংশীদারত্ব, শিক্ষা, নারী ক্ষমতায়ন, শান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।
বাকিংহাম প্যালেস তাঁর বাংলাদেশ সফরের বিষয়টি জানিয়েছে। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। সফর উপলক্ষে বাংলাদেশ সরকার তাঁকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) ঘোষণা করেছে। সে অনুযায়ী তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা পাবেন।
সফরকালে ডাচেস অব এডিনবার্গ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমানের সঙ্গে বৈঠক করবেন।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং শান্তি ও নিরাপত্তায় নারীর অংশগ্রহণ সম্পর্কে জানতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন।
এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনে গিয়ে নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন সোফি। সেখানে নারী ও মেয়েদের জন্য সুযোগ সৃষ্টিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হবে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তরুণদের সঙ্গেও অংশ নেবেন তিনি। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।
ঢাকায় কর্মসূচি শেষে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংগঠনের কার্যক্রম দেখতে কক্সবাজার যাবেন ডাচেস। সেখানে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি শরণার্থী সম্প্রদায়ের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ সম্পর্কে খোঁজ নেবেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালের পর এটি সোফির দ্বিতীয় বাংলাদেশ সফর। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে তিনি এ সফরে আসছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









