পড়ালেখা বাদ দিয়ে টিকটক করায় মায়ের বকাঝকার জেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মৃত জান্নাতুল ওই গ্রামের ইতালিপ্রবাসী মো. কামাল সরদারের মেয়ে এবং স্থানীয় সুন্দরদী গাউসিয়া আবেদীয়া সুন্নিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জান্নাতুলের পড়াশোনায় মনোযোগের চেয়ে টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি বেশি ছিল। বিষয়টি নিয়ে গত শনিবার বিকেলে তার মা তাকে শাসন করেন ও বকাঝকা করেন। মায়ের ওপর গভীর অভিমান করে সবার অগোচরে রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই কিশোরী।
পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









