চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে বিআরএফ ইয়ুথ ক্লাবের চট্টগ্রাম শাখা।
রোববার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ কর্মসূচি চলে। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বাড়ানো এবং তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। এতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের রক্তের গ্রুপ জানতে পারেন। তাদের অনেকেই এবার প্রথমবারের মতো রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।
ক্যাম্পেইনে অংশ নেওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থী আয়মান বলেন, আগে একবার রক্তের গ্রুপ পরীক্ষা করালেও বিনা মূল্যে আবারও তা নিশ্চিত হতে পেরে ভালো লাগছে। ১৮ বছর পূর্ণ হলে নিয়মিত রক্তদান করবেন বলেও জানান তিনি।
কর্মসূচির লক্ষ্য সম্পর্কে বিআরএফ ইয়ুথ ক্লাবের কোষাধ্যক্ষ এস এম শিহাব বলেন, এ ক্যাম্পেইনে অন্তত ১০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়ের লক্ষ্য নেওয়া হয়েছে। তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা তৈরি ও রক্তদানের আগ্রহ বাড়ানোই তাঁদের উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








