বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটনশিল্পে নতুন মাত্রা যোগ করতে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে শহরের হোটেল শৈবাল সৈকত প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে এ আয়োজন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনায় সৈকতসংলগ্ন ৩৫ একর এলাকাজুড়ে সাজানো হয়েছে কার্নিভাল। ‘ওয়েভ অব এক্সপেরিয়েন্স’ প্রতিপাদ্য ও ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’ স্লোগানে আয়োজিত এ উৎসব পর্যটকদের জন্য ২৪ ঘণ্টা উন্মুক্ত থাকবে।
কার্নিভালে রাখা হয়েছে প্রায় ১৫টি বিশেষ জোন। এর অন্যতম আকর্ষণ দেশি-বিদেশি শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য, যেখানে বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। পাশাপাশি থাকছে সমুদ্রপাড়ে ক্যাম্পিং, ক্যাম্পফায়ার ও তারাভরা আকাশ পর্যবেক্ষণের সুযোগ।

এ ছাড়া গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, কিডস জোন, ক্রাফট ভিলেজ, মার্কেটপ্লেস ও ওয়েলনেস সেন্টার থাকছে উৎসবে। রয়েছে বিভিন্ন খাবারের স্টল এবং একসঙ্গে প্রায় তিন হাজার মানুষের বসে খাবার খাওয়ার ব্যবস্থা।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনি উল আজম বলেন, এ বর্ণিল আয়োজন কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করবে এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে জেলার আকর্ষণ বাড়াবে।
নিরাপত্তার বিষয়ে স্পেলবাউন্ড কমিউনিকেশনসের প্রতিনিধি আহমেদ সুপ্রতিম জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় প্রশিক্ষিত কর্মীদের পাশাপাশি পুরো এলাকায় সিসিটিভি ও এআই প্রযুক্তির মাধ্যমে নজরদারি রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, দিন-রাতের এ আয়োজন পর্যটকদের কক্সবাজারে অবস্থানের সময় বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








