সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জকসু নির্বাচন

বড় জয়ের পথে ছাত্রশিবির সমর্থিত প্যানেল

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

বড় জয়ের পথে ছাত্রশিবির সমর্থিত প্যানেল

ডাকসু, জাকসু, চকসু ও রাকসুর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনেও বড় জয় পেতে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১০টা পর্যন্ত ঘোষিত ফলাফলে নিরঙ্কুশ বিজয়ের পথে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ভোটগণনা শেষ হয়েছে।

সবশেষ প্রাপ্ত ফলাফলে ভিপি, জিএস ও এজিএসসহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। তবে আন-অফিসিয়াল ফলাফলে ২১ পদের মধ্যে ২টি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী জয় লাভ করলেও বাকি সব পদেই শিবির সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে। 

বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করছেন। নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ, আনিসুর রহমান ও কানিজ ফাতেমা কাকলী ফলাফল ঘোষণার দায়িত্ব পালন করছেন। 

ঘোষিত ফলাফলে ভিপি (সহ-সভাপতি) পদে ৩৩ কেন্দ্র মিলিয়ে মোট ৪ হাজার ৪৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ও জবি শিবির সভাপতি রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩ হাজার ৭৭৭ ভোট। ৬৫৫ ভোটে এগিয়ে রয়েছেন রিয়াজুল। 

জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ও জবি শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ৩৩ কেন্দ্র মিলিয়ে ৪ হাজার ৪৪২ ভোট পেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার বিপরীতে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ১ হাজার ৭৫৭ ভোট। ২ হাজার ৬৮৫ ভোটে এগিয়ে রয়েছেন আরিফ।

এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা ৩৩ কেন্দ্রে মোট ৩ হাজার ৯৭০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ২৩ ভোট। মাসুদ এগিয়ে আছেন ৯৪৭ ভোটে। 

নির্বাচন কমিশন জানায়, অন্য বিভাগগুলোর ফলাফল গণনা চলছে। ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.