পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি, গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য মমিনপুর গ্রামে মানিক মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মরহুম হাসেম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ মানিক মোল্লার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুরোপুরি আগুন নিভিয়ে ফেলা হয়।
বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার মো. এনামুল হক জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে একটি বসতঘর, একটি গোয়ালঘর ও রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। এতে তাদের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









