টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে নিহাদ (২১) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এই দণ্ডাদেশ দেন।
নিহাদ বাসাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।
জানা যায়, রবিবার বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় সালাউদ্দিনের মুদি দোকান অতিক্রম করার পরে অপর দিক থেকে মোটরসাইকেল নিয়ে এসে ওই ছাত্রীদের উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করেন নিহাদ। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক নিহাদকে হাতেনাতে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দণ্ডাদেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, ‘‘উত্ত্যক্তর দায়ে নিহাদ নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।’’
তিনি জানান, এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









