“স্মৃতির পাতায় প্রাণের স্পন্দন, পঁচিশের গৌরবে বায়োকেমিস্টদের মেলবন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিবিএমএ) যৌথ উদ্যোগে বিভাগটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় “রজতজয়ন্তী উৎসব ২০২৬”।
শুক্রবার (১০ এপ্রিল) জীবনবিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রজতজয়ন্তী উৎসব উদযাপন করা হয়।
দিনব্যাপী এই উৎসবের সূচনা করা হয় র্যালি এবং বেলুন উড়ানোর মাধ্যমে। ২৫ বছর পূর্তি উপলক্ষে ২৫ পাউন্ডের কেক কাটা হয়। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি সম্মিলনী যা অংশগ্রহণকারীদের মধ্যে আরও আনন্দঘন পরিবেশ তৈরি করে। অনুষ্ঠানের সূচনালগ্নে বিভাগটির গত ২৫ বছরের নানা অর্জন প্রামাণ্য চিত্র হিসেবে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকান। তিনি তার বক্তব্যে অ্যালামনাইদের গুরুত্ব তুলে ধরে নিজের বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার আহ্বান জানান।
“রজতজয়ন্তী উৎসব ২০২৬” কমিটির সদস্য সচিব আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব তার বক্তব্যে উপাচার্যকে অনুরোধ করেন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা বিশেষ করে এমফিল, পিএইচডি ভর্তি প্রক্রিয়া যেন আরও গতিশীল হয় এবং সাবেক শিক্ষার্থীদের মার্কশীট উত্তোলন প্রক্রিয়াসহ যাবতীয় অনলাইন সেবা যেন আরও সহজতর হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি ও রজতজয়ন্তী উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.কাঞ্চন চাকমা। তিনি তার বক্তব্যে ভবিষ্যতে অ্যালামনাই ও বিভাগের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় ও শক্তিশালী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. দ্বৈপায়ন শিকদার, প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ আলাউদ্দিন, ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ সাইদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মুনতাসীর জাহান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









