মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রশাসনের  দ্বিচারিতার অভিযোগ তুলে জকসু নেতার পদত্যাগ ঘোষণা

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ১১:৩৫ এএম

আপডেট: ০৫ মে ২০২৬, ১১:৩৫ এএম

প্রশাসনের  দ্বিচারিতার অভিযোগ তুলে জকসু নেতার পদত্যাগ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম। তাকে থাপ্পড় দিয়ে সাময়িক বহিষ্কার হওয়ার পরও ছাত্রদল প্যানেলের হল সংসদ প্রার্থী সাদিয়া সুলতানা নেলীকে বিভাগের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

সোমবার (৪ মে) বিকেলে জকসু ভিপি রিয়াজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে তা গৃহীত হয়নি বলে জানিয়েছে জকসু ভিপি। 

জানা গেছে, অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলী জবি আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। আজ তার তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ভাইভা পরীক্ষা ছিল। 

নাম প্রকাশ না করার শর্তে তার বিভাগের এক শিক্ষার্থী জানায়, আজ তিনি ভাইভায় অংশ নিতে বিভাগে আসেন এবং ভাইভার অ্যাটেনডেন্স শিটে স্বাক্ষর করেন। তবে তার সিরিয়াল আসার আগেই জকসুর নেতৃবৃন্দ গিয়ে অভিযোগ জানায়। পরবর্তীতে তার সিরিয়াল আসার পরও তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। তবে অন্যান্য শিক্ষার্থীদের ভাইভা শেষ হওয়া পর্যন্ত বিভাগের অফিসে অপেক্ষা করতে বলা হয় তাকে। জকসু নেতৃবৃন্দের অভিযোগ পরবর্তীতে তাকে ভাইভায় অংশ নিতে দেওয়া হয়েছে। 

তবে এ বিষয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ক্রিস্টিন রিচার্ডসনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেনি। 

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সাংবাদিকদের থেকে শুনছি যে সে পরীক্ষা দিয়েছে। তবে অস্থায়ী বহিষ্কার হলে পরীক্ষা দেয়াতে বাধা নেই। যদি তদন্ত সাপেক্ষে সে স্থায়ীভাবে বহিষ্কার হয় তবে তার সবগুলো পরীক্ষা বাতিল হয়ে যাবে। 

তবে সাময়িক বহিষ্কারের ঘোষণা দেয়ার পরও সাদিয়া সুলতানা নেলীকে ভাইভায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম। 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত কয়েকদিন আগে আমার সাথে যে ঘটনা ঘটে তার কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় দিন পার হচ্ছিল। গতকাল তাকে সাময়িক বহিষ্কার করা হলো, তবে আজকে আমরা দেখলাম তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। হয়তো আমাদেরকে 'আই ওয়াশ' করানোর জন্যই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

তিনি আরও বলেন, এজন্য আমি জকসুর ভিপি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছি। তার মাধ্যমে সেটি উপাচার্যের কাছে যাবে। এই ঘটনার বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। 

উল্লেখ্য, গত বুধবার (২৯ এপ্রিল) ক্যারাম খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ৮ম ইনডোর গেমসের তৃতীয় দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় দেন জকসুর হল সংসদের ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলী। এই ঘটনার পর ফেসবুক পোস্টে থাপ্পড় দেয়ার কথা শিকার করে আবারও ক্রীড়া সম্পাদককে হুমকি দেন তিনি। পরবর্তীতে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 
 

মো/জ/কা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.