বরগুনার আমতলী উপজেলায় সিএনজি ও আলফা গাড়ির স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের অভিযোগে পৌর শ্রমিক দলের সভাপতি মো. মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দুপুরের দিকে আমতলী বাধঘাট চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলীর বাধঘাট চৌরাস্তা এলাকার সিএনজি ও আলফা গাড়ির স্ট্যান্ডের চালকদের থেকে চাঁদা আদায়ের সময় চালক ও স্থানীয়রা মিলে পৌর মিল্টন হাওলাদার ও তার সহযোগী সুমন মৃধাকে আটকে রাখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের আমতলী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে মো. আনোয়ারুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বাদী হয়ে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দিলে, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন বলেন, “বিষয়টি জেনেছি। মিল্টন হাওলাদারকে যদি এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, “চাঁদা আদায়ের অভিযোগে স্থানীয় বাসিন্দা, সিএনজি ও আলফা চালকরা মিল্টন হাওলাদার ও সুমন নামে দুজনকে আটক করে রাখেন। খবর পেয়ে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তী থানায় লিখিত অভিযোগ পেলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









