কুড়িগ্রাম জেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি ও উদ্দীপনা আনতে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৪ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম বেবু।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং ক্রীড়াবিদ নাজমুল হুদা (লাকু)।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটির প্রধান চ্যালেঞ্জ হবে স্থবির হয়ে পড়া ক্রীড়া কার্যক্রমকে পুনরুজ্জীবিত করা। নিয়মিত লীগ ও টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ, মাঠ ও অবকাঠামোর উন্নয়ন এবং স্কুল-কলেজ পর্যায়ে খেলাধুলা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
বিশেষ করে ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিক্সে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় ক্রীড়াবিদদের প্রত্যাশা, নতুন এই কমিটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে মাঠমুখী কার্যক্রম বাড়াবে এবং জাতীয় পর্যায়ে কুড়িগ্রামের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









