কিশোরগঞ্জের ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৫ মে) সকালে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বধুনগর গ্রামের ‘নবাব বাড়ি’র আয়াতুউল্লাহ মিয়ার একটি গাছ থেকে আম পাড়তে যায় পার্শ্ববর্তী ‘ফর্সা বাড়ি’র কয়েকজন কিশোর। এই ঘটনাকে কেন্দ্র করে দুই বাড়ির বড়দের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার সকালে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।
সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর জখম হওয়া মিজান মিয়া ও চাঁন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করা হয়। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, আম পাড়াকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









