সেশন ফি কমানো ও বিভিন্ন খাতে আদায়কৃত অর্থের স্বচ্ছতা নিশ্চিতসহ ১০ দফা দাবিতে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রতিবছর শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত সেশন ফি চাপিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন অযৌক্তিক খাতে অর্থ আদায় করা হলেও তার বিপরীতে শিক্ষার্থীরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। এতে সাধারণ শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।
তারা সেশন ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, অর্থ আদায়ের খাতে স্বচ্ছতা নিশ্চিতসহ ঘোষিত ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একইসঙ্গে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কিছু দাবি স্বল্পমেয়াদে বাস্তবায়নযোগ্য এবং কিছু দীর্ঘমেয়াদি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









