ঝালকাঠিতে তীব্র গরমে অসহনীয় লোডশেডিং, গ্রাহক হয়রানি এবং বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
রবিবার (২৮ জুন) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক দুলাল সাহা, দৈনিক দূরযাত্রার সম্পাদক ও ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি জিয়াউল হাসান পলাশ, সাংবাদিক জহিরুল ইসলাম জলিল, সিপিবির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি এবং উজ্জ্বল রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ঝালকাঠি জেলাজুড়ে দিন-রাত ঘন ঘন লোডশেডিং চলছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, বিদ্যুৎ সংকটের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি, নানা প্রশাসনিক অনিয়ম এবং ভূতুড়ে বিলের কারণে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
মানববন্ধন থেকে অবিলম্বে ঘন ঘন লোডশেডিং বন্ধ করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ অফিসের সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং হয়রানিমুক্ত স্বচ্ছ সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। দ্রুত এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা সতর্ক করে দেন।
মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার ভুক্তভোগী সাধারণ মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









