নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সহায়তা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। উন্নয়নের সুফল প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (২৮ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-১ ) মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য সরকারি বরাদ্দের চেক, অর্থ এবং অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন।
মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, সরকারের লক্ষ্য শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবনমানের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। স্থানীয় চাহিদা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত রূপগঞ্জ গড়ে তোলার কাজ এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









