চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রী রিমার মোবাইল ছিনতাই হওয়ার আট ঘন্টার মধ্যেই পুলিশের তৎপরতায় তা উদ্ধার করা হয়েছে।
রবিবার (১০ মে) রাতে চট্টগ্রামের বটতলি স্টেশনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। সোমবার (১১ মে) ভোর হওয়ার আগেই তা উদ্ধার করা হয়।
ভুক্তভোগী প্রথম বর্ষের নবীন ছাত্রী রিমা জানান, ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরে বাসায় ফেরার পথে বটতলি স্টেশনের সামনে থেকে আমার iPhone 15 ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
ছিনতাইয়ের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে জিডি করা হয়।
পুলিশ জানায়, রিমার দেওয়ার তথ্যের ভিত্তিতে পুলিশ ছিনতাইকারীকে খুঁজে আটক করে। ছিনতাইকারী সব স্বীকার করে এবং জানায় কীভাবে ফোনটা একের পর এক বিক্রি হয়েছে।
অনেক খোঁজ খবর নেওয়ার পর জানা যায়, এই কয়েক ঘণ্টার মধ্যেই ফোনটি বিক্রি হয়ে গেছে দুই বার- প্রথমে ৬ হাজার ৫০০ টাকায়, পরে ৮ হাজার টাকায়।
প্রায় ৯০ হাজার টাকার একটি ফোন। শুধুমাত্র নেশার টাকার জন্য এরা এত কম দামে বিক্রি করে দেয়। আর এই চক্র প্রতিদিন এমন অসংখ্য ঘটনা ঘটাচ্ছে।
পুলিশ আরও জানায়, এক পর্যায়ে চোরাই মোবাইল মার্কেট সিন্ডিকেট সভাপতির সাথে কথা হয়। তখন সব দোকানপাট বন্ধ। কিন্তু পুলিশের চাপে, রাত দেড়টার সময়ও তিনি দোকানদারকে ডেকে আনেন- যে শেষবার ফোনটি কিনেছিল। অবশেষে রাত ২টা ৩০ মিনিটে রিমার হাতে ফোনটি হ্যান্ডওভার করা হয়।
রিমা জানান, মাত্র ৮ ঘণ্টার মধ্যে নিউমার্কেট এলাকা থেকে চুরি হওয়া ফোন উদ্ধার করে আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এই ব্যাপারে এস.আই তুহিন ভাইয়ের অবদান অতুলনীয় ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









